যৌথ নদী কমিশন: ১৯৭২ সালের মার্চ মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যৌথ ঘোষণার মাধ্যমে স্থায়ী ভিত্তিতে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালের ২৪ নভেম্বরে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের স্ট্যাটিউট স্বাক্ষরিত হয়। যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কাজ সম্পাদনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে যৌথ নদী কমিশন, বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়।
আন্তঃসীমান্ত নদী: বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ৪০৫টি নদী। এই নদীগুলোর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশের সঙ্গে দুটি দেশের আন্তঃসীমান্ত নদী রয়েছে। ভারত ও মিয়ানমার। ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ৫৪টি। ৫৪টির মধ্যে ৫১টি নদী ৩টি বৃহৎ নদী পদ্মা বা গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনার অববাহিতাভুক্ত। নদী ৩টির মোট অববাহিকার আয়তন ১ দশমিক ৭২ মিলিয়ন বর্গ কিলোমিটার। যার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে মাত্র ৭ শতাংশ। মিয়ানমারের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)।